ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ফ্যাসিবাদী, পরাজিত ও আধিপত্যবাদী অপশক্তি মোকাবিলার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যেকোনো মূল্যে এসব অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক জানান, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তাঁরা মনে করছেন।
তিনি বলেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এসব গোষ্ঠী নিজেদের পরিচয় নতুন করে দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করতেই বৈঠকে বসেছেন তাঁরা।
বিজ্ঞাপন
১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরে মামুনুল হক বলেন, ‘আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করবো।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যের মধ্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল সৃষ্টি হলে দেশ দুর্বলতার দিকে এগিয়ে যেতে পারে।
সাম্প্রতিক সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের প্রতি ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সমবেদনা জানান মামুনুল হক।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন। মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং রাস্তায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি রয়েছে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। একই সঙ্গে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
মামুনুল হক বলেন, প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক ঘটনায় যাঁদের প্রাণহানি হয়েছে, তাঁদের মৃত্যু পরাজিত শক্তির হামলার কারণেই হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
তবে প্রশাসনের সামগ্রিক ভূমিকা নিয়ে তিনি বলেন, তিনি মনে করেন না যে প্রশাসনের ব্যর্থতা রয়েছে।
বর্তমান ও বিগত সরকারের রাজনৈতিক অবস্থানের তুলনা করে মামুনুল হক বলেন, আগের সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর অবস্থান নিয়েছিল। তবে বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে আগের মতো নৃশংস নয় বলে তাঁর পর্যবেক্ষণ।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সরকারের প্রকৃত মনোভাব প্রকাশ পায়। বর্তমান পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত মূল্যায়নে পৌঁছাতে আরও সময় প্রয়োজন।








