ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিদেশে বসে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। আর সেই নির্দেশ বাস্তবায়নে দেশের ভেতরে কিছু লোককে ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে সেই আওয়ামী লীগের নেতারাই তাঁকে ‘ভারতের চর’ বলে আখ্যা দিয়েছিলেন। অথচ এখন তাঁদেরই কেউ কেউ ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। দেশের ভেতরে কিছু লোককে দিয়ে বোমাবাজি ও সহিংসতা ঘটানো হচ্ছে। পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলার ঘটনাও এর অংশ বলে দাবি করেন রিজভী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলেছে। এরপর ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে।
তাঁর অভিযোগ, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের পুরোনো সুযোগ ফিরে পেতেই বোমাবাজির মাধ্যমে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে। মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি কিংবা বোমা হামলার মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন তুলে ধরে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তিনি।
বিজ্ঞাপন
রিজভীর ভাষ্য অনুযায়ী, ১৯৫৭ সালেই পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করেছিলেন মওলানা ভাসানী। পাকিস্তান রাষ্ট্র টিকবে না এবং এ দেশ একদিন স্বাধীন হবে—এমন উপলব্ধি থেকেই তিনি তখন পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে মওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি আরও বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে এই মহান নেতার জীবন নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
বিজ্ঞাপন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অন্য নেতারা।








