কুড়িগ্রামে কাল জাতীয় যুবশক্তির সম্মেলন, আসছেন কেন্দ্রীয় নেতারা

তারুণ্যের শক্তিকে সংগঠিত করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় যুবশক্তির ‘যুব সম্মেলন ২০২৬’। আগামী শুক্রবার (২০ নভেম্বর) শহরের আকবরিয়া কনভেনশন হলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সম্মেলনে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউনের মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হবে। বিকেল ৩টায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় আকবরিয়া কনভেনশন হলে শুরু হবে মূল যুব সম্মেলন।
জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তমাল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী ও এনসিপির সদস্যসচিব মাসুম মিয়ার।
সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় প্রোগ্রাম সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন দপ্তর সম্পাদক তারেক খান মজলিশ তারা এবং সিনিয়র সাধারণ সম্পাদক তাওহীদ হাসান শান্ত।
বিজ্ঞাপন
আয়োজক নেতারা আশা করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই সম্মেলন যুবসমাজকে দেশ গঠনমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে এবং সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








