Logo

গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৫:২০
গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক: রিজভী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জকে ঘিরে রাজনৈতিক সহিংসতা ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। বিগত আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে তা আর সম্ভব হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম (গোপালগঞ্জ-১) ও এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির নেতা রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের এক নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিগত সরকারের সাবেক এক জ্যেষ্ঠ মন্ত্রীর কথিত অডিও রেকর্ড ফাঁসের বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। ওই রেকর্ডে সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ করেন রিজভী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই ‘বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে।

দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে রিজভী হুঁশিয়ারি দেন, পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তবে তাদের প্রতিহত করতে অগণতান্ত্রিক কিংবা অমানবিক কোনো পথ অনুসরণ করা হবে না। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিরোধ করা হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD