Logo

বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে কর্মসূচি ঘোষণা করল জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৬:২৭
বিজয়ের মাস ও  চলমান পরিস্থিতি ঘিরে কর্মসূচি ঘোষণা করল জামায়াত
ছবি: সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং মহান বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিতে রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রতিবাদ সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র‍্যালিসহ নানা সামাজিক উদ্যোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, অশান্তি ও বিশৃঙ্খলার নেপথ্যে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকারের একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশার প্রতি সরকারের এমন অবস্থান রাজনৈতিক আস্থার সংকট তৈরি করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘোষিত সূচি অনুযায়ী, ২১ নভেম্বর ঢাকায় সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হবে।

২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন করবে জামায়াতের মহিলা বিভাগ।

এ ছাড়া ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে একই দাবিতে সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি।

বিজ্ঞাপন

ডিসেম্বরের শুরুতেই ২ তারিখ পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা করবে জামায়াত। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করা হবে।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD