টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক

অসময়ের টানা বৃষ্টিতে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় কেটে রাখা পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া বৃষ্টিতে রোপা আমন মৌসুমের ফসল ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক জমি থেকে পাকা ধান কেটে শুকানোর জন্য মাঠেই বিছিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান পানিতে ভিজে ও তলিয়ে গেছে। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে ধান পচে যাওয়া এবং জমিতেই অঙ্কুরোদগম হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে জমিতে পানি জমে থাকায় পাকা ধান কাটা, শুকানো ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে।
শুধু আমন ধান নয়, বৃষ্টির কারণে নিচু জমিতে চাষ করা শীতকালীন শাকসবজি, আলু এবং সদ্য বপন করা সরিষার ক্ষেতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিভিন্ন ফসলের চারা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকেরা জানান, জমি চাষ, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ অনেকেই ধারদেনা করে ফসল উৎপাদন করেছেন। এখন ফসল ঘরে তোলার মুহূর্তে বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়ে ঋণ পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দত্তপাড়া ইউনিয়নের কৃষক এনায়েত মুন্সি বলেন, "আমি প্রায় তিন বিঘা জমির ধান কেটে জমিতেই রেখে দিয়েছি শুকানোর জন্য। তার মধ্যেই টানা বৃষ্টি শুরু হয়েছে। সবগুলো ধান পানির নিচে নষ্ট হয়ে যাবে।"
আরেক কৃষক জমির মোল্লা বলেন, "জমিতে ধান কেটে রেখে আসলাম, সেই দিন রাত থেকেই বৃষ্টি শুরু হয়। এখন পানিতে তলিয়ে আছে ধান। আজকে যদি রোদ না ওঠে, তবে সব ধান নষ্ট হয়ে যাবে।"
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আকাশ পুরোপুরি মেঘমুক্ত হতে আরও দুয়েক দিন সময় লাগতে পারে। এরপর কয়েক দিন রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর শিবচরে প্রায় ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা ও বোনা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলিমুজ্জামান খান মুঠোফোনে বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের মাঝে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আগেই অবগত করা হয়েছিল। তারপরও অনেক কৃষক ধান কেটে জমিতে রেখে দিয়েছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বৃষ্টিতে ধানের ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন প্রাকৃতিক দুর্যোগে শিবচরের কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কষ্টের ফসল রক্ষা এবং আর্থিক ক্ষতি সামাল দিতে দ্রুত সরকারি সহায়তা ও কৃষি বিভাগের কার্যকর পরামর্শের প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।








