ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, সীমান্ত দিয়ে চোরাই পথে আনা এসব তেল ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওই এলাকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ফুটপেট্রোল ও যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযানে এসআই জাহিদসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
তল্লাশির একপর্যায়ে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক ও গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িটি না থামিয়ে দুটি সাদা বস্তা সড়কের পাশে ফেলে দ্রুত পালিয়ে যান।
বিজ্ঞাপন
পরে পুলিশ সদস্যরা বস্তা দুটি উদ্ধার করে তল্লাশি চালালে সেগুলোর ভেতর বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল পাওয়া যায়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য লক্ষাধিক টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযান প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, সীমান্তসংলগ্ন এলাকা ও জনবহুল স্থানে নিয়মিত চেকপোস্ট এবং ফুটপেট্রোল কার্যক্রম চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও সীমান্ত চোরাচালান প্রতিরোধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধার করা ভারতীয় অলিভ অয়েলগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় জমা রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশের নিয়মিত তল্লাশি ও চোরাচালানবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী। সীমান্তবর্তী এ উপজেলায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।








