মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবুল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে বাবর রোডের অনুরাগের গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের নতুন কমিটির সদস্য। এর আগে তিনি বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ ও এসআই আমিরুজ্জামান। পরে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, প্রাথমিক তদন্তে আবুল হোসেনের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মুঠোফোনে যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেছে। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারের পর আবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী কার্যক্রম চলছে।








