বরগুনায় বাসে আগুনের ঘটনায় মামলা, কারাগারে আ. লীগের নেতা

বরগুনায় সরকারি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বিজ্ঞাপন
এতে সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এ ঘটনায় একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১১ নভেম্বর বরগুনা থানায় মামলাটি করেন বরগুনা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির। মামলার নম্বর ২৯/৫৪৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. আবু হাসান ইখলাছ (৩৩)। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফল করতে বরগুনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা হয়। ১ ও ২ নম্বর আসামির নির্দেশনায় অন্য আসামিরা বিভিন্ন সময় এসব কর্মকাণ্ডের দিকনির্দেশনা দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
এজাহার অনুযায়ী, ঘটনার আগে খুলনা থেকে বরগুনাগামী বিআরটিসি বাস সার্ভিসের একটি বাসের সুপারভাইজার ও হেলপারকে চলাচল বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো-ব-১১-০০১০। ১০ নভেম্বর সড়কে বাস চালানো হলে সেটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পাশাপাশি কাউন্টারের পরিচালক ও সহকারী পরিচালককে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে বাদীর দাবি।
এজাহারে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টা। এর আগে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাসটির চালক মো. শিপন হাওলাদার বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনস সড়কসংলগ্ন টিটিসি ভবনের দক্ষিণ পাশে পাকা সড়কে বাসটি রেখে যান।
বাদী হুমায়ুন কবিরের অভিযোগ, ৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি একদল ব্যক্তিকে অবরোধের সমর্থনে স্লোগান দিতে দেখেন। তাঁদের কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছিল বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
একপর্যায়ে ওই ব্যক্তিরা বাসটিতে পেট্রোল বা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে বাসের ভেতরের আসন, ইঞ্জিন ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে সরকারের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
বাদী আরও জানান, টিটিসিতে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাস্তার বৈদ্যুতিক বাতি ও আগুনের আলোতে তিনি এজাহারভুক্ত কয়েকজন আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের দেখতে ও চিনতে পারেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
মামলার প্রথম দিকের আসামিদের মধ্যে রয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারজানা সুমি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ইমরান, সহসভাপতি মো. সবুজ মোল্লা এবং জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আল আমিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মো. রকিব মোল্লা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া জেলা যুবলীগের সহসভাপতি মো. আল আমিন, জেলা কৃষক লীগের সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা যুবলীগের সদস্য বিকাশ সাহা, সহসভাপতি মো. নাঈম ইসলাম রনি, জেলা ছাত্রলীগের যোগাযোগ সম্পাদক মো. হাসিবুর রহমান রুমেল শুভ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইমুল ইসলাম রাব্বি, জেলা ছাত্রলীগের সদস্য সবুজ মোল্লা ও সহসভাপতি ফাহাদ হাসান তানিমকে আসামি করা হয়েছে।
মামলায় আরও রয়েছেন পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক জন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব, ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, একই ইউনিয়নের সহসভাপতি মো. হারুন ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. হিমেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মান্নান মৃধা, মো. আমিন মৃধা, মিল্টন মেম্বার, মো. মনির দফাদার, মো. সুজন মল্লিক, মো. রিপন, মো. খোকন মেম্বার ও মাইনুদ্দিন ময়না।
বিজ্ঞাপন
এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন হাং, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোবাহান আকন, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইদ্রিস, জেলা শ্রমিক লীগের সদস্য মো. মনির, পৌর যুবলীগের সদস্য মো. শহিদ, পৌর ছাত্রলীগের সদস্য মো. তাইজুল ইসলাম এবং পৌর শ্রমিক লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে। অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।
সরকারি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় বরগুনায় উদ্বেগ তৈরি হয়েছে। আগুন কীভাবে লাগানো হয়েছে, কারা এতে জড়িত এবং মামলায় নাম থাকা ব্যক্তিদের সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
এ ঘটনায় একজন আসামি গ্রেপ্তার হলেও অন্য আসামিদের গ্রেপ্তার এবং অগ্নিসংযোগের তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মামলায় উল্লিখিত অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।








