Logo

বৃষ্টি আর কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ২০:৫৮
বৃষ্টি আর কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান বৃষ্টির প্রবণতা আরও প্রায় দুই দিন থাকতে পারে। এরপর ধীরে ধীরে কমে আসবে বৃষ্টিপাত।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে ভারতের উড়িষ্যা অতিক্রম করেছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও কৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রবিবার (২২ নভেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শীতের আমেজ আসবে কবে

নভেম্বরের বৃষ্টি শুরু হলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এই বৃষ্টির পরই কি শীত জেঁকে বসবে? আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমতে পারে। তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে ঠান্ডার অনুভূতি বাড়বে। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তাঁর মতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এর প্রভাব প্রথমে দেশের উত্তরাঞ্চলে বেশি অনুভূত হবে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকও মনে করেন, শুধু বৃষ্টিপাতের কারণে শীত আসে না। নভেম্বরের শেষ দিকে দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময় কমে আসে। এর ধারাবাহিকতায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে।

বিজ্ঞাপন

সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে শীতকাল থাকে। তবে নভেম্বরের শেষ দিক থেকেই শীতের আগমনী পরিস্থিতি তৈরি হতে শুরু করে।

এবার শীত কেমন হতে পারে

চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তাঁর ধারণা, গত ৩০ বছরের গড়ের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হওয়ার পাশাপাশি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমতে পারে।

বিজ্ঞাপন

তবে এর অর্থ এই নয় যে এবার শীত পড়বে না কিংবা শৈত্যপ্রবাহ হবে না।

আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, চলমান বৃষ্টির পর সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হলেও শীতের প্রকৃত আমেজ পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD