Logo

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

profile picture
জনবাণী ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬, ১৬:৪২
ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে রাজ্যটির গোপালপুর এলাকায় ঝড়টির স্থলভাগে প্রবেশ শুরু হয়। উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে প্রবেশের পর ঝড়টির গতিবেগ কিছুটা কমে এলেও উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, স্থলভাগে ওঠার সময় সাধারণত ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়। আকভানের ক্ষেত্রেও তা হয়েছে। তবে উপকূল অতিক্রমের সময় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, শুক্রবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। এ ছাড়া আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD