Logo

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা পাঁচ দিন প্রবল বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৮:৩৬
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা পাঁচ দিন প্রবল বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় টানা কয়েক দিন বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কাও দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জলবায়ু গবেষক ও বাংলাদেশি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ পূর্বাভাসের তথ্য জানান।

তার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পোস্টে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে। বিশেষ করে ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করতে পারে। রংপুর বিভাগের জেলাগুলোতে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতিবার থেকেই খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের প্রভাব পড়তে পারে। শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়ের তুলনায় ২ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

মোস্তফা কামাল পলাশের দেওয়া সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী রোববার পর্যন্ত খুলনা বিভাগের জেলাগুলোতে মোট ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার এবং উত্তরাঞ্চলে ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগে ১০০ থেকে ২০০ মিলিমিটার এবং রাজশাহী বিভাগে ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং দক্ষিণাঞ্চলে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৫০ থেকে ১৫০ মিলিমিটার, সিলেট বিভাগে ১০০ থেকে ২০০ মিলিমিটার এবং রংপুর বিভাগে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায় মোট ৫০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD