Logo

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে শীত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫২
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে শীত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টির প্রবণতা আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে। ২০ ও ২১ নভেম্বর বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের ওপর থেকে তাপপ্রবাহের পরিস্থিতি পুরোপুরি কেটে গিয়ে আবহাওয়া তুলনামূলক শীতল হয়ে উঠতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। এরপর ধীরে ধীরে অন্যান্য বিভাগেও এর বিস্তার ঘটবে। খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সক্রিয়তা বেশি থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় কিংবা শিলাবৃষ্টির আশঙ্কা না থাকলেও বিভিন্ন এলাকায় দমকা ও মাঝারি বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব এবং বায়ুচাপের পার্থক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির সময় দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে বৃষ্টি বেশি সক্রিয় এমন অঞ্চলে একটানা বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় তুলনামূলক বেশি রোদের দেখা মিলতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও পাহাড়ি ঢল কিংবা পাহাড়ধসের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক বৃষ্টির পূর্বাভাস

বিডব্লিউওটির হিসাব অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে— ঢাকা বিভাগে ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনা বিভাগে ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১০০ থেকে ১৫০ মিলিমিটার, বরিশাল বিভাগে ৮০ থেকে ১০০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেট বিভাগে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুর বিভাগে ৩০ থেকে ৭৯ মিলিমিটার।

সংস্থাটির মতে, এই বৃষ্টিপাতের ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কৃষিজমির সেচের প্রয়োজন মেটানো সম্ভব হতে পারে।

বিজ্ঞাপন

যেসব জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা

জেলাভিত্তিক পূর্বাভাসে খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরায় তুলনামূলক বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোরেও ভারী বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃষ্টির সঙ্গে বাড়তে পারে শীতের অনুভূতি

বিডব্লিউওটি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত ও আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে দিনের তাপমাত্রা কমে যেতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে চলতি মৌসুমের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় বেশি শীত অনুভূত হতে পারে।

আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাপমাত্রা কমে যাওয়ার কারণে এ দুই বয়সের মানুষ সর্দি, কাশি, জ্বরসহ ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে পরিবারের শিশু ও প্রবীণ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় গরম কাপড় আগেভাগেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD