বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার অবনতি হতে পারে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে ঘূর্ণিঝড়টির অবস্থান, গতিপথ ও সম্ভাব্য শক্তি সম্পর্কে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে প্রায় ১২ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান করছে।
গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বৃহস্পতিবার সকালের দিকে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। তবে দমকা ও ঝড়ো হাওয়ার সময় এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশপাশের সমুদ্র বেশ উত্তাল থাকার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়টির নাম ‘আকভান’ রেখেছে ইরান। এটি একটি ফারসি শব্দ, যার ঐতিহাসিক ও পৌরাণিক তাৎপর্য রয়েছে। ইরানের বিখ্যাত কবি ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’য় আকভান দিভ নামে এক শক্তিশালী ও রহস্যময় দৈত্যের উল্লেখ পাওয়া যায়।
বিজ্ঞাপন
পৌরাণিক কাহিনি অনুসারে, আকভান দিভ ইচ্ছামতো নিজের রূপ পরিবর্তন করতে পারত। ইরানের কিংবদন্তি বীর রুস্তমের সঙ্গে এই দৈত্যের সংঘর্ষের ঘটনাও মহাকাব্যটিতে বর্ণিত হয়েছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) অধীন প্যানেলভুক্ত ১৩টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
২০২০ সালে এসব দেশের প্রস্তাব করা ১৬৯টি নামের তালিকা থেকে ধারাবাহিকভাবে ঘূর্ণিঝড়ের নাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই তালিকার ধারাবাহিকতায় বাংলাদেশের প্রস্তাবিত ‘অর্ণব’ এবং ভারতের ‘মুরাসু’ নামের পর এবার ইরানের দেওয়া ‘আকভান’ নামটি ব্যবহৃত হচ্ছে।








