তিন দিন নেই সূর্যের দেখা, উত্তরের জনপদে বাড়ছে শীতের দাপট

উত্তরের জেলাগুলোতে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। টানা তিন দিন ধরে কয়েকটি এলাকায় সূর্যের দেখা না মেলায় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। ভোররাত থেকে বয়ে চলা শীতল বাতাস, ঘন মেঘ ও কুয়াশায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকদের।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে এ অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।
অন্যদিকে, বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাট ও পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে কুয়াশার ঘনত্ব বেড়েছে।
বিজ্ঞাপন
অগ্রহায়ণের শুরুতেই শীতের এমন প্রভাবে গরম পোশাক পরে ঘর থেকে বের হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘন মেঘে ঢাকা আকাশ ও ঠাণ্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বুধবার সকাল থেকেই মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে পুরো অঞ্চলে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
দিনভর সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক তাপমাত্রার উষ্ণতাও পাওয়া যাচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাণ্ডার দাপট অব্যাহত থাকায় বাইরে বের হওয়া অনেক মানুষই শীতের পোশাক ব্যবহার করছেন।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে ঠাণ্ডা উপেক্ষা করেই কেউ কাজে বের হচ্ছেন, কেউবা মাঠে নেমেছেন আমন ধান কাটতে। একই পরিস্থিতিতে পড়েছেন অফিসগামী চাকরিজীবী ও শিক্ষার্থীরা। মেঘাচ্ছন্ন আকাশ এবং শীতল বাতাসে তাদের স্বাভাবিক চলাচলেও অস্বস্তি তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রাসেল বলেন, ঠাণ্ডা এখনো পুরোপুরি নামেনি। কিন্তু দুদিন ধরে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ভালোই ঠাণ্ডা লাগে। রাতে কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। ফজরের সময় বেশ শীত অনুভূত হয়। শীত এলেই আমাদের মতো বয়স্ক মানুষদের অনেক কষ্ট হয়।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন থেকে শহরে আসা রিকশাচালক করিম বলেন, আকাশে মেঘ ও সুর্য দেখা যায় না। রিকশা চালাতে পারছি না। তবু ১১টার পর শহরে আসলাম।
অন্যদিকে, খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকার দিনমজুর পরেশ জানান, নিচু জমির আগাম আমন ধান কাটছেন তিনি। তবে সকাল থেকে ঠাণ্ডা এবং সূর্যের অনুপস্থিতির কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ সকাল থেকে যেভাবে শীত পড়ছে এবং সূর্য দেখা যায় না। তাই ধান কাটতে দেরি হচ্ছে। তবু জমিতে গিয়ে দেরি করে ধান কাটা শুরু করেছি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়সহ আশপাশের এলাকায় বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘের কারণে সূর্যের আলো সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে দিনের বেলাতেও ঠাণ্ডা অনুভূত হচ্ছে। অনেক সময় মেঘের সঙ্গে কুয়াশাও দেখা যাচ্ছে, যার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসছে। আগামী কয়েক দিনের মধ্যে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে, রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় উত্তরাঞ্চলে তাপমাত্রা কমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা দিয়ে দ্রুতগতিতে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গত মঙ্গলবার জেলায় তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং আজ বুধবার তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ অবস্থা আগামী এক সপ্তাহ পর্যন্ত সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।








