Logo

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১৮:১৫
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমেই শক্তি সঞ্চয় করে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরে অবস্থানরত এই সিস্টেমটির।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিডব্লিউওটি।

বিডব্লিউওটি জানায়, বর্তমানে সাগরের সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান এই অবস্থান থেকে এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এটি আরও বেশি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করুক বা না করুক, এর পরোক্ষ প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বিডব্লিউওটির ধারণা, আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD