বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই আবহাওয়াগত পরিস্থিতি নিয়ে নজর রাখছেন আবহাওয়াবিদরা।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে বঙ্গোপসাগরে লঘুচাপটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, “এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।”
লঘুচাপটি কোন দিকে অগ্রসর হতে পারে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে যে এটা কোন দিকে যাবে। এখন পর্যন্ত যেটা দেখা যায়, ভারতের অন্ধ্র-উড়িষ্যার দিকেই আছে এর ট্র্যাকটা। তবে এটা ডিপ্রেশন (নিম্নচাপ) হলে তারপরে স্পষ্ট হবে।”
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে এর সম্ভাব্য গতিপথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখার প্রয়োজন রয়েছে।







