রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি-বজ্রপাত

রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে ছিল ভ্যাপসা গরম। তীব্র গরমে জনজীবনে অস্বস্তি দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার চিত্র বদলাতে শুরু করে।
বিজ্ঞাপন
আকাশে ঘন মেঘ জমার পাশাপাশি বইতে থাকে দমকা হাওয়া। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। এতে দুপুরের গরম থেকে স্বস্তি পান নগরবাসী। তবে বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় বজ্রপাতের তীব্রতাও ছিল উল্লেখযোগ্য।
রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।








