Logo

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৪:৫৩
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে হিমেল বাতাসের সঙ্গে ঠান্ডা বাড়লেও দিনের বেলায় তীব্র রোদে গরম অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন বৈপরীত্যে বিপাকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই দ্রুত পরিবর্তনের প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আসিফ আলী জানান, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেড়ে যাওয়ায় তাঁর পরিবারের শিশুটি সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে।

বিজ্ঞাপন

আরেক রোগী হাবিব হাসান বলেন, দিনে প্রচণ্ড রোদ আর রাতে ঠান্ডার কারণে আবহাওয়ার সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার পর চিকিৎসকের পরামর্শ নিতে এসেছেন তিনি।

এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় পরা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। পাশাপাশি জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে জেলার গ্রামাঞ্চলে সন্ধ্যা ও ভোরে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা যাচ্ছে হালকা কুয়াশা। শীতের প্রস্তুতি হিসেবে অনেক পরিবার লেপ-কম্বল বের করতে শুরু করেছে। সন্ধ্যার পর গরম পোশাক পরছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD