বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের পাশাপাশি আগামী ১৩ নভেম্বর নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের চারটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ফেনী ও সীতাকুণ্ডে। অন্যদিকে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া বুধবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
বিজ্ঞাপন
ঢাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বুধবার ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।







