Logo

ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় এবার বঙ্গোপসাগরে, কতটা ভয়ংকর হতে পারে ‘রাক্ষস’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৯:০৩
ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় এবার বঙ্গোপসাগরে, কতটা ভয়ংকর হতে পারে ‘রাক্ষস’
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ইরানের দেওয়া নাম অনুসারে ঝড়টির নাম রাখা হয়েছে ‘আকভান’, যার অর্থ ‘রাক্ষস’। ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী কয়েক দিনে এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট নিয়ম রয়েছে। উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ঝড়ের নাম নির্ধারণের জন্য আগে থেকেই একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা থেকেই পর্যায়ক্রমে প্রতিটি ঘূর্ণিঝড়ের নাম নির্বাচন করা হয়। ‘আকভান’ নামটিও ইরানের প্রস্তাবিত সেই তালিকার অন্তর্ভুক্ত।

ঘূর্ণিঝড়ের নামকরণের প্রধান উদ্দেশ্য হলো ঝড়কে সহজে শনাক্ত করা, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং দুর্যোগসংক্রান্ত সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়া। একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হলে নামের মাধ্যমে সেগুলো আলাদাভাবে চিহ্নিত করাও সহজ হয়।

উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এলাকায় ২০০৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) আওতাধীন সদস্য দেশগুলো এ প্রক্রিয়ায় নাম প্রস্তাব করে।

বিজ্ঞাপন

২০২০ সালে এ অঞ্চলের ১৩টি দেশ নতুন করে মোট ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি করে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

প্রতিটি দেশ নির্দিষ্টসংখ্যক নাম প্রস্তাব করে। পরে নির্ধারিত ক্রমানুসারে সেসব নাম ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো ঝড়ের নাম তাৎক্ষণিকভাবে বা ইচ্ছামতো নির্ধারণ করা হয় না। এ অঞ্চলে ‘আকভান’-এর আগে সর্বশেষ ব্যবহৃত ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘মুরাসু’।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া মঙ্গলবারের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ২৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে ‘আকভান’ নামের অর্থ ‘রাক্ষস’ হলেও নামের ভিত্তিতে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নির্ধারণ করা যায় না। এর প্রকৃত শক্তি, গতিপথ ও সম্ভাব্য প্রভাব নির্ভর করবে আবহাওয়াগত পরিস্থিতির ওপর। তাই পরবর্তী আবহাওয়া সতর্কবার্তা অনুসরণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD