Logo

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২০ নভেম্বর, ২০২৬, ১২:৩৬
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের দাপট। দিন যত যাচ্ছে, ততই নামছে তাপমাত্রার পারদ। বিশেষ করে রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ভোরে ঘাসের ডগায় জমছে শিশির, সঙ্গে বইছে হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই তেঁতুলিয়ায় শীতের প্রভাব বাড়তে থাকে। গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। দিনের আলোয় রোদের উষ্ণতা পাওয়া গেলেও সন্ধ্যার পর থেকে রাতভর শীতের অনুভূতি বাড়ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে আগাম শীত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আলমারি থেকে বের করা হচ্ছে সোয়েটার, জ্যাকেট, চাদর ও শীতের অন্যান্য পোশাক। অনেকের মতে, কয়েক দিন ধরে রাতের ঠান্ডা আগের তুলনায় বেশ বেড়েছে। বিশেষ করে শেষরাত ও ভোরে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। হিমেল বাতাসের কারণে সকালে ঘরের বাইরে বের হলেই ঠান্ডার তীব্রতা টের পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ছে। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পাথরশ্রমিক, চা-শ্রমিক, কৃষিশ্রমিক ও দিনমজুররা। মহানন্দাসহ সীমান্তবর্তী নদীগুলোর ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ করতে হচ্ছে শ্রমিকদের। অন্যদিকে শিশিরভেজা চা-বাগানে কাজ করতেও বেগ পেতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।

প্রতিকূল আবহাওয়ায় অনেকের স্বাভাবিক কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে। এতে দৈনিক উপার্জন কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে তাঁদের।

এদিকে তাপমাত্রার পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, শীত আরও বাড়লে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো সমস্যার প্রকোপ দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে বলেও জানান তিনি।

সব মিলিয়ে উত্তরের এই জেলায় শীতের আগমনী বার্তা এখন বেশ স্পষ্ট। তাপমাত্রা আরও কমার সম্ভাবনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শ্রমজীবী মানুষের মধ্যেও বাড়ছে শীত মোকাবিলার প্রস্তুতি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD