Logo

শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা : অধ্যক্ষ আবু তাহের খান

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২২ নভেম্বর, ২০২৬, ১৪:৫৪
শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা : অধ্যক্ষ আবু তাহের খান
ছবি: সংগৃহীত

নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান বলেছেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং শিক্ষার্থীদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পুরস্কার কার্যকর অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোণা সরকারি কলেজের রসায়ন বিভাগের আয়োজনে অনার্স তৃতীয় বর্ষ (২০২২-২৩) ও চতুর্থ বর্ষের (২০২১-২২) সেরা ১০ শিক্ষার্থীর পুরস্কার বিতরণ এবং প্রাক্তন কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আবু তাহের খান বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে নেত্রকোণা সরকারি কলেজের ১৪টি বিভাগ থেকে প্রতিবছর ৫৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক ও মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এবার উচ্চমাধ্যমিকের যে ফলাফল হয়েছে, সেটিই প্রকৃত ফলাফল কোনো প্রভাবিত করা হয়নি। সারাদেশে পাসের হার কমলেও আশাব্যঞ্জক বিষয় হলো, এবার প্রকৃত চিত্র উঠে এসেছে। এ ফলাফলের মধ্য দিয়েই শিক্ষার্থীরা যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ আরও বলেন, সকল সীমাবদ্ধতা অতিক্রম করে তোমাদের দাবিদাওয়া পূরণে আমি সর্বাত্মক চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির এবং শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ।

এ সময় প্রাক্তন কৃতী শিক্ষার্থী হিসেবে সম্মাননা দেওয়া হয় জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর আব্দুর নূর তুষারকে।

বিজ্ঞাপন

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD