Logo

গাড়িবহর থামিয়ে শিশুকে হাসপাতালে নিলেন দুলু, তবুও গেল না বাঁচানো

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
২২ নভেম্বর, ২০২৬, ১৯:১২
গাড়িবহর থামিয়ে শিশুকে হাসপাতালে নিলেন দুলু, তবুও গেল না বাঁচানো
ছবি: সংগৃহীত

পথে শিশুর কান্নার শব্দ শুনে গাড়িবহর থামিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পানিতে ডুবে যাওয়া তিন বছরের শিশুটিকে উদ্ধার করে নিজের নিরাপত্তারক্ষীর গাড়িতে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের শাঁখারীপাড়া এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাদিব (৩)। সে ওই গ্রামের মুকুল হাসানের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল সাদিব। এরপর থেকে তাকে খুঁজতে শুরু করেন স্বজনেরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বেলা দেড়টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়সংলগ্ন একটি ডোবায় শিশুটির স্যান্ডেল ভাসতে দেখতে পান তারা। পরে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় গ্রামের বাড়ি রামসার গাজীপুর থেকে ফিরছিলেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শাঁখারীপাড়া গ্রামে মুকুলের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ কান্নার শব্দ শুনতে পান তিনি। গাড়ি থামিয়ে নেমে ঘটনার বিষয়ে জানতে পারেন।

বিজ্ঞাপন

দুলু জানান, শিশুটি পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়ার পর এক মুহূর্তও দেরি করেননি তিনি। দ্রুত শিশুটিকে নিরাপত্তারক্ষীর গাড়িতে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নাটোরের সিভিল সার্জনের উপস্থিতিতে চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু শেষ পর্যন্ত তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এদিকে ছোট্ট সাদিবের এমন মর্মান্তিক মৃত্যুতে শাঁখারীপাড়া গ্রাম ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যদের পাশাপাশি শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD