বৃদ্ধা মাকে টেনেহিঁচড়ে বের করে ঘরে তালা ঝুলিয়ে দিলেন ছেলে

ফরিদপুরের বোয়ালমারীতে ৬০ বছর বয়সী মা জুলেখা বেগমকে মারধর করে এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ইব্রাহিম মোল্যার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিয়ে বাড়িতে তালাও ঝুলিয়ে দেন তিনি। পুত্রবধূ ও নাতি-নাতনিদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে এ ঘটনা ঘটে
ভুক্তভোগী জুলেখা বেগমের অভিযোগ, ছেলে ইব্রাহিম মোল্যা প্রথম স্ত্রী বৃষ্টি ও তাদের দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করতে চান। এ নিয়ে প্রতিবাদ করায় তার ওপর চড়াও হন ছেলে। একপর্যায়ে তাকে মারধর করে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়। পরে ঘরে তালা ঝুলিয়ে দেন ইব্রাহিম। বাধা দিতে গেলে মারধরে তার একটি হাত ভেঙে যায় বলে দাবি করেন বৃদ্ধা।
তিনি বলেন, পুত্রবধূ ও নাতি-নাতনিদের অসহায় অবস্থার কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোই তার অপরাধ। ছেলের নির্যাতনের শিকার হয়েও তিনি চান, পুত্রবধূ ও নাতি-নাতনিরা তাদের পৈতৃক ভিটায় থাকতে পারেন।
বিজ্ঞাপন
জানা গেছে, প্রায় ১৪ বছর আগে প্রতিবেশী ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি বিশ্বাস ধর্মান্তরিত হয়ে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করে তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৃষ্টির অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দুই বছর আগে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। এখনো দুই হাতের ক্ষত নিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি।
বিজ্ঞাপন
বৃষ্টি জানান, সম্প্রতি ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাকে তালাক দিয়েছেন বলে দাবি করছেন। তবে তালাকসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। তার অভিযোগ, নতুন স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন স্বামী। জন্মপরিবার ও ধর্মীয় পরিচয় ছেড়ে আসা বৃষ্টি এখন সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ইব্রাহিমের বিরুদ্ধে মাদকাসক্তি ও পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ করেছেন তার বোন শেফালী পারভীনও। তিনি বলেন, তার মা, ভাবি ও ভাতিজা-ভাতিজিরা পৈতৃক বাড়িতেই থাকবেন, এটাই তার চাওয়া।
তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহিমের দাবি, বৃষ্টির চরিত্র ভালো নয়। তাকে তালাক দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, মা ও সন্তানেরা তার সঙ্গেই থাকবেন। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলেও পাল্টা অভিযোগ করেন ইব্রাহিম।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, ইব্রাহিম তাঁর বৃদ্ধ মাকে মারধর করে হাত ভেঙে দিয়েছেন এবং ঘর থেকে বের করে তালা লাগিয়ে রেখেছেন বলে তিনি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃষ্টি, তাঁর সন্তান ও জুলেখা বেগমকে ঘরে তুলে দেন।
জীবনের শেষ বয়সে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা জুলেখা বেগম এখন স্বামীর ভিটায় নিরাপদে বসবাস করতে চান। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।








