গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই পোশাক কারখানা

শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনি ধর্মঘটের অভিযোগে গাজীপুরের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা দুটির প্রধান ফটকে এ সিদ্ধান্ত জানিয়ে নোটিশ টানানো হয়েছে। ২১ ও ২২ নভেম্বর পৃথক সময়ে কারখানা দুটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বন্ধ হওয়া কারখানা দুটি হলো শ্রীপুর উপজেলার বেতজুরি (নতুন বাজার) এলাকার এসরোটেক্স লিমিটেড এবং গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (ভবানীপুর) এলাকার গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড। উভয় প্রতিষ্ঠানের নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানানো হবে।
এসরোটেক্স লিমিটেডের মানবসম্পদ বিভাগের (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যেও উৎপাদন কার্যক্রম সচল রাখার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। এ জন্য ১০, ১৭ ও ১৮ নভেম্বর নির্ধারিত সময়ে কারখানা খোলা রাখা হয়। তবে ওই দিনগুলোতে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে অবস্থান করেন। পাশাপাশি বাইরের কিছু শ্রমিক ও বহিরাগত ব্যক্তি কারখানার প্রধান ফটকে এসে ঢিল ছুড়ে ভাঙচুরের চেষ্টা করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে কারখানার সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নোটিশ অনুযায়ী, ১৯ নভেম্বর কারখানা খোলা হলে শ্রমিকেরা যথাসময়ে প্রবেশ করে হাজিরা দেওয়ার পর দলবদ্ধভাবে বেরিয়ে যান। একই ঘটনা ঘটে ২২ নভেম্বরও। সেদিন শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর কাজ বন্ধ রেখে বসে থাকেন। এ সময় পাশের কারখানার কিছু শ্রমিক প্রধান ফটকে এসে বিশৃঙ্খল আচরণ করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
এসব ঘটনাকে বেআইনি ধর্মঘট উল্লেখ করে সাধারণ শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসরোটেক্স লিমিটেডের সব বিভাগ ও শাখার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগ এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
বিজ্ঞাপন
অন্যদিকে, গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেডের নোটিশে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে ৯ থেকে ১০ নভেম্বর এবং ১৭ থেকে ১৮ নভেম্বর উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। ১৯ নভেম্বর শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর কর্মবিরতি শুরু করেন এবং বিশৃঙ্খলভাবে কারখানা ত্যাগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নোটিশে আরও বলা হয়, ২১ নভেম্বর শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর আবারও কর্মবিরতি শুরু করেন। এ সময় কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাঁরা বেরিয়ে যান। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ড বেআইনি ধর্মঘটের শামিল।
এ পরিস্থিতিতে শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ২২ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুসারে গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেডের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কারখানা চালুর বিষয়ে নোটিশ দিয়ে জানানো হবে।








