Logo

১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, অর্ডারও অন্য দেশে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ২০:৪২
১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, অর্ডারও অন্য দেশে
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতির বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদন ও রপ্তানি বাণিজ্যে। মাত্র ১৮ দিনে খাতটিতে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক ক্রেতারা নিশ্চিত করা ২৫৪ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এতে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের অবস্থান ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংগঠনটির জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার কারণে মোট ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এ ক্ষতির হিসাব করা হয়েছে এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান অনুযায়ী। পরিস্থিতির কারণে কোনো কোনো কারখানাকে এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজিএমইএ জানিয়েছে, উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক রপ্তানি আদেশ অনিশ্চয়তার মুখে রয়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে অতিরিক্ত খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং অর্ডার বাতিলের মতো পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এতে উৎপাদনজনিত ক্ষতির পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে।

অন্য দেশে চলে গেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার

বিজ্ঞাপন

বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রেতারা ইতোমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

সংগঠনটির মতে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা শুধু তাৎক্ষণিক ব্যবসায়িক ক্ষতির বিষয় নয়, বরং বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ বাজার সম্প্রসারণের জন্যও উদ্বেগজনক।

প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে

বিজ্ঞাপন

বিজিএমইএ জানিয়েছে, জরিপে পাওয়া তথ্য দেশের পোশাকশিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নয়। সংগঠনটির ধারণা, অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। তবে জরুরি ভিত্তিতে পরিচালিত জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কারণে প্রকৃত উৎপাদন ক্ষতির পরিমাণ প্রকাশিত হিসাবের তুলনায় আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

এ ছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু এরপরও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত থাকায় উৎপাদন ও রপ্তানি ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি নিয়ে শঙ্কা

বিজ্ঞাপন

বিজিএমইএর উদ্বেগ, উৎপাদন ও রপ্তানিতে তাৎক্ষণিক আর্থিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সুনামও ঝুঁকিতে পড়ছে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা ও নির্ভরযোগ্যতা ধরে রাখা এ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিপুলসংখ্যক রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ায় ভবিষ্যতে নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংগঠনটি মনে করে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের কর্মসংস্থান ও জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা জরুরি। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছে বিজিএমইএ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD