টানা চার দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব ধরনের সেবা

কোর ব্যাংকিং সিস্টেমের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রমের কারণে টানা চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। এ সময়ে ব্যাংকটির শাখা থেকে শুরু করে এটিএম, কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ কোনো সেবাই ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। এ কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকটিকে সাময়িকভাবে সেবা বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেমের উন্নয়ন, আপগ্রেডেশন ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় ব্যাংকটির সব শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি চেকের মাধ্যমে লেনদেনও করা যাবে না। বন্ধ থাকবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) কার্যক্রম।
বিজ্ঞাপন
শুধু প্রচলিত ব্যাংকিং সেবাই নয়, এ সময় ব্যাংকটির সব ধরনের ডিজিটাল লেনদেনও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অব সেল (পিওএস), এটিএম, ই-কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে নির্ধারিত সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়েছে।
কোর ব্যাংকিং সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ সাময়িক বিরতি নেওয়া হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকটির গ্রাহকদের সব ধরনের লেনদেন ও আর্থিক সেবা গ্রহণে বিকল্প ব্যবস্থা বিবেচনা করতে হবে।








