বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বাধ্যতামূলক অবসর পাওয়া কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন রায়হানুল ইসলাম। টানা ৬০ দিন বা এর বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ঘটনায় ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগের বিবরণী তাঁর কাছে এবং স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত জবাব না দেওয়ায় মামলাটি তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তা গত ১ জুলাই প্রতিবেদন জমা দেন। সেখানে রায়হানুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা অথবা অন্য কোনো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। গত ২৭ জুলাই জারি করা ওই নোটিশের জবাব দিতে তাঁকে সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছিল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে বিধি অনুযায়ী কী ধরনের গুরুদণ্ড দেওয়া হবে, সে বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। কমিশন তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরামর্শ দেয়।
পিএসসির সুপারিশ এবং বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(খ) অনুসারে মো. রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।








