Logo

এক বছর পর স্বর্ণের দাম নামল দুই লাখের নিচে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১২:২৬
এক বছর পর স্বর্ণের দাম নামল দুই লাখের নিচে
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। গত এক বছরের মধ্যে এটিই সর্বনিম্ন দাম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো দুই লাখ টাকা অতিক্রম করেছিল। প্রায় এক বছর পর আবারও মূল্য সেই সীমার নিচে নেমে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে এই মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

বিজ্ঞাপন

স্বর্ণের দাম কমলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা বহাল রয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে গয়না কেনাবেচার নিয়ম সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে। ঘোষিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো গয়না পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং গয়না বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না।

বিজ্ঞাপন

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা ও নির্দেশনা কার্যকর থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD