Logo

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, ক্রেতা কমে বিপাকে ব্যবসায়ীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, ১২:৪২
টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, ক্রেতা কমে বিপাকে ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে শিম, টমেটো, বরবটি, ঝিঙাসহ কয়েক ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এতে একদিকে বাড়তি দামের চাপে নাভিশ্বাস উঠছে সাধারণ ভোক্তাদের, অন্যদিকে লোকসানের আশঙ্কায় রয়েছেন বিক্রেতারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবারও রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণত বাজারে ক্রেতাদের ভিড় বেশি থাকে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার অধিকাংশ বাজারেই ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলক কম। এতে সপ্তাহের সবচেয়ে ব্যস্ত দিনের প্রত্যাশিত বেচাকেনা করতে পারেননি ব্যবসায়ীরা।

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের সবজি বিক্রেতারাও একই পরিস্থিতির কথা জানিয়েছেন। তাঁদের মতে, শুক্রবারের বাজার ঘিরে বাড়তি পণ্য সংগ্রহ করলেও ক্রেতা না থাকায় অনেক সময় অলস বসে থাকতে হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খুচরা বিক্রেতা মো. ফরিদ উদ্দিন বলেন, সারা সপ্তাহ অপেক্ষায় থাকি শুক্রবারের বাজারের জন্য। কারণ অন্য দিন কমবেশি ব্যবসা হলেও শুক্রবার ছুটির দিন বাজারে ক্রেতা অনেক বেশি আসে এবং আমাদেরও সর্বোচ্চ বিক্রি হয়। এ জন্য এদিন আমরা বেশি করে তরিতরকারি তুলি দোকানে। কিন্তু একটানা বৃষ্টির কারণে আজকে (গতকাল শুক্রবার) ক্রেতা খুবই কম। বেশিরভাগ সময় অলস সময় কাটছে আমাদের।

শনির আখড়া বাজারের মুরগি বিক্রেতা মো. উজ্জ্বলও বৃষ্টির কারণে বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণত শুক্রবারের বাজারে দম ফেলার সুযোগ পাই না। জুমার নামাজের আগ পর্যন্ত ক্রেতার অনেক ভিড় থাকে। কিন্তু বৃষ্টির কারণে আজ (গতকাল) ক্রেতা খুবই কম। ডাকাডাকি করেও লাভ হচ্ছে না। একটা শুক্রবারের বাজার ব্যবসা হাতছাড়া হলে অনেক লোকসান হয়ে যায় আমাদের।

বিজ্ঞাপন

বৃষ্টিতে সরবরাহ কম, বেড়েছে সবজির দাম

বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় কৃষকেরা সময়মতো ক্ষেত থেকে সবজি সংগ্রহ করতে পারেননি। পাশাপাশি বৃষ্টির কারণে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। ফলে রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজিবাহী ট্রাকের সংখ্যা কমে যায়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খুচরা বাজারে বেশ কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।

সাদ্দাম মার্কেট, শনির আখড়া ও যাত্রাবাড়ী বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার শিমের কেজি বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। টমেটোর দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। বেগুন ও করলার দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে। বরবটির দামও বেড়ে কেজিপ্রতি ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া পটলের কেজি আগের মতো ৬০ টাকায় বিক্রি হলেও ঝিঙার দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। মুলা ও শালগমের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

বিজ্ঞাপন

তবে সব ধরনের সবজির দাম বাড়েনি। লাউ, জালি ও কচুর লতির দাম আগের অবস্থায় রয়েছে। অন্যদিকে কিছুদিন আগে কমে কেজিপ্রতি ৮০ টাকায় নেমে আসা কাঁচামরিচের দাম আবার বেড়ে ১০০ টাকায় উঠেছে। নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকায়।

সব মিলিয়ে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমলেও সবজির বাড়তি দামে স্বস্তি নেই ভোক্তাদের। আবহাওয়ার প্রতিকূলতা দীর্ঘায়িত হলে সরবরাহ পরিস্থিতি আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD