রেলওয়ে ও ব্যক্তির জমি বিরোধে থমকে আছে সোনাহাট সেতুর কাজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কাটছে না। দুধকুমার নদের ওপর নির্মাণাধীন নতুন সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ জমির মালিকানা নিয়ে রেলওয়ে ও ব্যক্তিমালিকানার বিরোধে সাত বছর ধরে আটকে রয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে পুরোনো সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে স্থলবন্দরের ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে নির্মিত সোনাহাট রেল সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে পুরোনো সেতুর দক্ষিণ পাশে দুধকুমার নদের ওপর নতুন একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ। ২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়।
সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণের জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা এবং নির্মাণকাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে চার দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি ব্যয়ও বেড়েছে প্রায় ৭ কোটি টাকা। তারপরও পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ শুরু করা যায়নি।
বিজ্ঞাপন
এদিকে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের অংশের একটি পাটাতন ভেঙে যায়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিকল্প যোগাযোগব্যবস্থা না থাকায় স্থলবন্দরের পণ্য পরিবহন ও স্থানীয় মানুষের যাতায়াতে নতুন করে সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে। স্থানীয় কয়েকটি পক্ষ জমিগুলোকে নিজেদের পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করছে। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয় একই জমির মালিকানা রেলওয়ের বলে দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি মালিকানা দাবির কারণে অধিগ্রহণ প্রক্রিয়া আটকে রয়েছে। বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
বিজ্ঞাপন
জমির কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতক জমি রয়েছে। সব মিলিয়ে জমির পরিমাণ ৫৭১ দশমিক ২৩ শতক। পাঁচটি পক্ষের মোট ৩৮ জন অংশীদার এসব জমির মালিকানা দাবি করছেন। অন্যদিকে, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষও জমিগুলোর মালিকানা দাবি করছে।
জমির মালিকানা দাবিদার আব্দুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ স্থানীয়রা বলেন, জমিগুলো তাদের পৈত্রিক সম্পত্তি এবং এ বিষয়ে তাদের নামে তিনটি রেকর্ড রয়েছে। এরপরও রেলওয়ে জমির মালিকানা দাবি করছে। প্রকৃত মূল্য পরিশোধ না করে বাড়িঘর উচ্ছেদ করা হলে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, সেতুর ওপরের অংশ এবং পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে ওই অংশের কাজ শুরু করা যাচ্ছে না। জমি বুঝিয়ে দেওয়া হলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। এ সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই বাকি নির্মাণকাজ দ্রুত শেষ করা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে আন্তঃমন্ত্রণালয়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসন কাজ করছে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জমির মালিকানা বিরোধের সমাধান না হওয়ায় গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দ্রুত সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ শেষ না হলে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।








