Logo

মজুরি আন্দোলনে অচলাবস্থা, আশুলিয়ায় আজও বন্ধ ২২ পোশাক কারখানা

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৩
মজুরি আন্দোলনে অচলাবস্থা, আশুলিয়ায় আজও বন্ধ ২২ পোশাক কারখানা
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের প্রভাব এখনো কাটেনি দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্প এলাকাগুলোতে। সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি থমথমে থাকলেও বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। তবে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় আজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি পোশাক কারখানা।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) শ্রমিকদের বহুল প্রতীক্ষিত মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে নতুন মজুরি কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কারখানায় উপস্থিত হয়েও উৎপাদন কার্যক্রমে অংশ না নেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের মধ্যে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের কারখানাও রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আশুলিয়ার ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কারখানার ভেতরে শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করায় সেসব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

চালু কারখানায় উৎপাদন অব্যাহত

বিজ্ঞাপন

শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কিছুটা স্বাভাবিক চিত্র দেখা গেছে। সোমবার সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরানি ও কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এসব প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রমও সচল রয়েছে।

তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আজ মজুরি বোর্ডের বৈঠক, কার্যকর হবে ডিসেম্বর থেকে

এদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে স্থগিত থাকা বৈঠকটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন মজুরি কাঠামো ঘোষণার বিষয়ে এই সভার দিকে তাকিয়ে রয়েছেন পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষ।

বিজ্ঞাপন

মজুরি বোর্ডের চেয়ারম্যান আগেই জানিয়েছেন, নতুন মজুরি যেদিনই ঘোষণা করা হোক না কেন, তা ডিসেম্বর মাস থেকেই কার্যকর করা হবে।

শ্রমিকদের প্রত্যাশা, দীর্ঘদিনের আন্দোলন ও অসন্তোষ নিরসনে দ্রুত গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করা হবে। তাঁদের মতে, নতুন মজুরি কাঠামো নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলেই কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলের অস্থিরতাও কমে আসবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD