Logo

গ্রামীণ ব্যাংক রক্ষায় দেশবাসী ও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৭:৪৫
গ্রামীণ ব্যাংক রক্ষায় দেশবাসী ও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের
ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দরিদ্র নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানটি রক্ষায় দেশ-বিদেশের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস এসব আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে আমার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই আমার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। আমার দুই ছোট ভাই তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।’

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার বিষয়টিকে আরও উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি মূলত দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন। বিশ্বজুড়ে স্বীকৃত এই ব্যাংক ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। চলতি বছর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দুই দশক পূর্তি উদযাপন করা হচ্ছে।

বিজ্ঞাপন

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরিতে ব্যাংকটির ঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে নারীরা আর্থিক সক্ষমতা অর্জন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে সহায়তা পাচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে গ্রামীণ ব্যাংকের মোট ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই প্রতিষ্ঠানটির মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, আর্থিক স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের জন্য সরাসরি হুমকি।

বিবৃতিতে ড. ইউনূস অভিযোগ করেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তার দাবি, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে। হামলার ধারাবাহিকতা ও ধরন দেখে মনে হচ্ছে, প্রতিদিন এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য অপরাধীরা ওপরের কোনো মহল থেকে নির্দেশনা পাচ্ছে।

তিনি আরও বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব সহিংসতা লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কারণ, তাদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে গ্রামীণ ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রামীণ ব্যাংকের বাইরে একই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক প্রধান উপদেষ্টা। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগও করেছেন ড. ইউনূস। তার দাবি, হামলাকারীরা প্রচার করছে যে গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং প্রতিষ্ঠানটি তার নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে প্রকৃত মালিকানা কাঠামো ভিন্ন বলে উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির ব্যবস্থাপনা ও পরিচালনায় বর্তমানে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১১ সালে আওয়ামী লীগ সরকার আমাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক আমি নই, কখনো ছিলামও না।’

বিজ্ঞাপন

গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে জানান ড. ইউনূস। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। তার ভাষ্য, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায় থেকেও ভূমিকা রাখা প্রয়োজন।

বিজ্ঞাপন

বিবৃতির শেষাংশে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা কেবল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠন এবং কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠান রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD