Logo

মেট্রোরেলের স্টেশনে দোকান ভাড়া দিচ্ছে ডিএমটিসিএল, জেনে নিন আবেদনের নিয়ম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৩:২০
মেট্রোরেলের স্টেশনে দোকান ভাড়া দিচ্ছে ডিএমটিসিএল, জেনে নিন আবেদনের নিয়ম
ছবি : এআই দিয়ে তৈরি

রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান নিয়ে ব্যবসা পরিচালনার নতুন সুযোগ তৈরি হয়েছে। এমআরটি লাইন-৬-এর চারটি স্টেশনে রিটেইল শপ ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব দোকান ভাড়ার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের মার্কেটিং শাখার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল স্টেশনে একটি করে মোট চারটি দোকান ভাড়া দেওয়া হবে। সোমবার (২৩ নভেম্বর) থেকে আগ্রহীদের জন্য আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুসরণ করে দোকানগুলো বরাদ্দ দেওয়া হবে। আবেদন করতে হলে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। প্রতিটি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকা পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এই ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

যেখানে পাওয়া যাবে আবেদনপত্র

বিজ্ঞাপন

২৩ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এ জন্য আগ্রহীদের ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের তৃতীয় তলায় ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের ঠিকানা হলো—মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।

আবেদনকারীদের জন্য ব্রিফিং ও দোকান পরিদর্শন

বিজ্ঞাপন

দোকান ভাড়া নেওয়ার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে আগ্রহীদের জন্য ব্রিফিং সভার আয়োজন করেছে ডিএমটিসিএল। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ের পাশাপাশি একই দিন সংশ্লিষ্ট চারটি দোকানের জায়গা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন আবেদনকারীরা। এর মাধ্যমে দোকানের অবস্থান, পরিবেশ এবং ভাড়াসংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া যাবে।

আবেদন জমা দেওয়ার সময়সীমা

বিজ্ঞাপন

আগ্রহীদের ১৪ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এ জন্য নির্ধারিত স্থান হলো মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্ক।

আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পর একই দিন বিকেল সাড়ে ৩টায় আবেদনপত্র খোলা হবে। এ কার্যক্রম অনুষ্ঠিত হবে মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে।

যোগ্যতা ও শর্ত জানবেন যেভাবে

বিজ্ঞাপন

দোকান ভাড়া নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র, আর্থিক শর্ত এবং আবেদনসংক্রান্ত অন্যান্য নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ডিএমটিসিএলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নথি অনুসরণ করতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব কামরুজ্জামান মিয়া।

মেট্রোরেল স্টেশনে ব্যবসা শুরু করতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে প্রতিটি প্যাকেজের জন্য ৩ হাজার টাকা অফেরতযোগ্য ফি এবং আবেদন জমার শেষ সময় সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD