ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার লক্ষ্য নিয়ে তার নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন স্পিকার। জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী।
সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও মতবিনিময় করবেন তারা।
বিজ্ঞাপন
সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।








