Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো, জানালেন মাহদী আমীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৭:৫৪
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো, জানালেন মাহদী আমীন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছে, সেটিকে আরও সুসংহত করতে চায় সরকার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংস্কার, রাজনৈতিক সহাবস্থান, জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন। দুপুর ১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মাহদী আমীন বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। বৈঠকে এনসিপি নেতারা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহনশীলতা ও সবার সমান অধিকার নিশ্চিত হবে। বৈঠকের আলোচনায় সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।

বিজ্ঞাপন

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।

জুলাই গণঅভ্যুত্থানে সমাজের সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিলেন বলে উল্লেখ করেন মাহদী আমীন। তার মতে, ওই সময় মানুষের রাজনৈতিক পরিচয়ের চেয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই বেশি গুরুত্ব পেয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, সবাই এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত হবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের মতবিনিময়েও সেই ঐক্যের প্রতিফলন দেখা গেছে।

বিজ্ঞাপন

মাহদী আমীন বলেন, বিএনপি মনে করে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই। অন্যদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিভিন্ন সময়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়ন প্রয়োজন। জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্প খাতের সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি এমন গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকা প্রয়োজন। এনসিপির নেতাদের সঙ্গে আলোচনায় দেশের মানুষের স্বার্থে রাজনৈতিক ঐক্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

এ সময় দেশের বাইরে অবস্থান করেও পতিত স্বৈরাচারের সহযোগীরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমীন বলেন, মতবিনিময়ের ক্ষেত্রে শর্ত দেওয়ার মতো কোনো বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিরা তাদের বক্তব্য জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন করে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছে। সেই ঐক্যের ভিত্তিতে স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হবে জনগণ। প্রতিষ্ঠিত ঐক্যকে আরও সুসংহত করাই সরকারের উদ্দেশ্য।

মাহদী আমীন আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সংস্কার কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহদী আমীন বলেন, এ বিষয়ে সরকারের অঙ্গীকার স্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও জানিয়েছেন, বিএনপির নির্বাচনি ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষরের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় ১০০টি অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ধারাবাহিকভাবে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD