গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, অপরাধীদের শাস্তি চান ড. ইউনূস

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি জানান ড. ইউনূস।
বিবৃতিতে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিতভাবে পেট্রোল বোমা হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. ইউনূসের অভিযোগ, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধারাবাহিকতা দেখে মনে হচ্ছে, অপরাধীদের নিয়মিত এসব কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, প্রতিষ্ঠানটি মূলত দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ব্যাংক চলতি বছর প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপন করছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই প্রতিষ্ঠানটির মালিক হওয়ায় ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, আর্থিক স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।
ড. ইউনূস বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার পরিচালনা, সন্তানদের লেখাপড়া এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যাংকটি তাদের জন্য গুরুত্বপূর্ণ অবলম্বন।
বিজ্ঞাপন
বিবৃতিতে ড. ইউনূস আরও বলেন, সাম্প্রতিক সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের হাতে রয়েছে। ব্যাংকটির মালিক বা বর্তমান পরিচালক হিসেবে তাকে উপস্থাপনের প্রচারণা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা কিংবা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি প্রতিষ্ঠানটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
ড. ইউনূস বলেন, হামলার ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা কেবল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠান রক্ষায় দেশ-বিদেশের সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।








