Logo

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ভয়াবহ আগুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, ১৯:৫০
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

ইরানের হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসির নৌবাহিনী।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ট্যাংকার দুটি অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একটি সুপারট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরান।

অন্য জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে আইআরজিসি। তবে দ্বিতীয় ট্যাংকারে ঠিক কী ধরনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি আগুনের মধ্যে আটকা পড়ে।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালি অতিক্রমের আগে ট্যাংকার দুটি তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পরে জাহাজ দুটি প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় আগুনে জ্বলতে দেখা যায়।

বিজ্ঞাপন

তবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম, পতাকাবাহী দেশ কিংবা মালিকানা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। হতাহতের সংখ্যা এবং জাহাজ দুটির নাবিকদের বর্তমান অবস্থাও জানা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমান এ ঘটনায় জড়িত ছিল বলে ইরানের করা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, অনুমোদনহীন নৌপথে জাহাজ চলাচল এখনো নিরাপদ নয়। মার্কিন সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে ওই পথে চলাচলের চেষ্টা করলে একই ধরনের পরিণতির মুখে পড়তে হতে পারে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD