Logo

আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার অতীত হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ১৬:৫৬
আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার  অতীত হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান
ছবি: সংগৃহীত

ক্যানসার, আলঝেইমার, হৃদ্‌রোগ এমনকি মানসিক অসুস্থতাও একসময় অতীত হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যেই চিকিৎসাবিজ্ঞানে বড় পরিবর্তন আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১০ নভেম্বর) অ্যানথ্রপিকের ৪২ মিনিটের একটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রচার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি মনে করেন, এআইয়ের সহায়তায় হাজার বছর ধরে অমীমাংসিত চিকিৎসাবিজ্ঞানের অনেক সমস্যারও সমাধান সম্ভব।

দারিও আরও বলেন, এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে আগামী ১০ বছরেরও কম সময়ে ক্যানসার, আলঝেইমার, হৃদ্‌রোগ ও মানসিক অসুস্থতার মতো রোগ একসময় অতীত হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

তার মতে, এআইয়ের সহায়তায় হাজার বছর ধরে অমীমাংসিত চিকিৎসাবিজ্ঞানের অনেক সমস্যারও সমাধান সম্ভব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এআইয়ের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে বড় পরিবর্তনের আশা করছেন দারিও একা নন। ইলন মাস্ক ও গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও মনে করেন, এই প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।

বিজ্ঞাপন

গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস মনে করেন, এআইয়ের সাহায্যে ওষুধ আবিষ্কারের কাজ অনেক দ্রুত করা সম্ভব। যে কাজ শেষ করতে আগে ১০ বছর লাগত, এআইয়ের সহায়তায় তা কয়েক সপ্তাহের মধ্যেই করা যেতে পারে বলে তার ধারণা।

এক্ষেত্রে তিনি গুগলের আলফাফোল্ড প্রযুক্তির উদাহরণ দিয়েছেন। এই প্রযুক্তির সাহায্যে এখন পর্যন্ত ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করা হয়েছে। ফলে, জীববিজ্ঞান গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে, প্রোটিনের গঠন শনাক্ত করতে পারা মানেই ক্যানসার বা আলঝেইমারের ওষুধ আবিষ্কার করা নয়। এ জন্য আরও অনেক গবেষণা ও পরীক্ষা প্রয়োজন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইলন মাস্কের দাবি, এআইয়ের অগ্রগতির ফলে একসময় বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো উন্নত চিকিৎসাসেবা পাবেন। অর্থাৎ, এআইয়ের সহায়তায় সাধারণ মানুষের জন্যও উন্নত চিকিৎসা সহজলভ্য হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

তবে, এআই নিয়ে এমন আশাবাদী পূর্বাভাসের সঙ্গে একমত নন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের সম্ভাবনা থাকলেও বাস্তবে এর মাধ্যমে কার্যকর ওষুধ তৈরি করা এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা।

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এমন পূর্বাভাসকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, তাদের প্রতিষ্ঠান প্রায় ৫০টি এআই কোম্পানির সহায়তায় ১০ হাজার ওষুধের উপাদান বিশ্লেষণ করিয়েছে। কিন্তু, এত বিশ্লেষণের পরও কোনো এআই কোম্পানি নিজে থেকে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।

বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের সাহায্যে প্রাথমিক গবেষণা দ্রুত করা সম্ভব হলেও নতুন ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা জরুরি। এছাড়া, ওষুধ বাজারে আনার আগে ক্লিনিক্যাল ট্রায়ালও করতে হয়।

সাধারণত একটি নতুন ওষুধ বাজারে আনতে ১০ থেকে ১২ বছর সময় লাগে। এআইয়ের অগ্রগতি এই দীর্ঘ প্রক্রিয়ার সব ধাপ বাদ দিতে পারবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

একই সঙ্গে, জ্ঞানীয় বিজ্ঞানী গ্যারি মার্কাস ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ এরিক টোপোল মনে করেন, বড় ধরনের চিকিৎসা আবিষ্কারের জন্য জীববিজ্ঞানের গভীর জ্ঞান প্রয়োজন।

বর্তমান এআই প্রযুক্তির সেই জ্ঞান এখনো নেই। ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের সহায়তায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ চিকিৎসায় ব্যবহারের অনুমোদনও পায়নি।

এ ছাড়া বিশেষজ্ঞরা ১৯৭০-এর দশকের ক্যানসারবিরোধী কর্মসূচির উদাহরণ টেনে সতর্ক করেছেন। সে সময়ও চিকিৎসাবিজ্ঞানে বড় সাফল্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই নিয়ে অতিরিক্ত আশাবাদী পূর্বাভাস চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে মানুষের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে। তাই এই প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশি বাস্তব সক্ষমতা ও সীমাবদ্ধতাও বিবেচনায় রাখা জরুরি।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD