নতুন ‘মিসাইল সিটি’ প্রকাশ্যে আনল ইরানের বিপ্লবী গার্ড

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স নিজেদের আরেকটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ভূগর্ভস্থ স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় লঞ্চ ব্যবস্থা রয়েছে। তবে মিসাইল সিটিটির সুনির্দিষ্ট অবস্থান এবং সেখানে কী পরিমাণ অস্ত্র মজুত রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নতুন স্থাপনাটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মৌসাভি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যারোস্পেস ফোর্সের প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে দেশটির সব মিসাইল ও ড্রোন উৎপাদন কারখানা ভূগর্ভে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যাতে এসব অস্ত্র উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তেহরান।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ইরানের মিসাইল উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাসনিমের তথ্য অনুযায়ী, ৪০ দিন ধরে চলা ওই সংঘাতের পুরো সময় ইরান নিয়মিত মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন ভূগর্ভস্থ স্থাপনা উন্মোচনের মধ্য দিয়ে ইরানের সামরিক অবকাঠামো ও অস্ত্র উৎপাদন সক্ষমতা সুরক্ষায় ভূগর্ভস্থ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
সূত্র: তাসনিম নিউজ








