মোদীকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করেছে ভারত সরকার। দেশটিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়ার ঠিক আগে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এতে শেষ মুহূর্তে ভারতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে তার।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) নরওয়ের রাজধানী অসলো থেকে ভারতের হায়দরাবাদ যাওয়ার কথা ছিল হেলে লিংয়ের। বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ফোন করে তাকে ভিসা বাতিলের বিষয়টি জানানো হয়।
তেলেঙ্গানা সরকারের আয়োজনে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ভারত সামিটে’ অংশ নেওয়ার কথা ছিল এই সাংবাদিকের। সম্মেলনে ‘গণমাধ্যমের ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনাতেও তার অংশ নেওয়ার কথা ছিল।
সম্মেলনে যোগ দেওয়ার জন্য হেলে লিংয়ের একবার প্রবেশের বৈধ ভিসা ছিল। কিন্তু বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে ভারতীয় দূতাবাস থেকে ফোন করে জানানো হয়, তার ভিসা বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’কে হেলে লিং বলেন, ভিসা বাতিলের বিষয়টি তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল। সেই অনুমোদনের ভিত্তিতেই তিনি ভিসা পেয়েছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, গত ৩ নভেম্বর ভারত সামিটে অংশ নিতে যাওয়া বিদেশি অতিথিদের নাম অনুমোদন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ওই অনুমোদনপত্রে উল্লেখ ছিল, সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের ছাড়পত্রও প্রয়োজন।
সম্মেলনের অন্যতম আয়োজক পুষ্পরাজ দেশপান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেলে লিংয়ের অংশ নিতে না পারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমলে ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ চিত্র এটাই।
বিজ্ঞাপন
এর আগে চলতি বছরের মে মাসে নরওয়ে সফরের সময় মোদীকে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। অসলোতে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন কি না, সরাসরি মোদীর কাছে তা জানতে চেয়েছিলেন তিনি। তবে প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যান ভারতের প্রধানমন্ত্রী।
মোদী ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের যৌথ বিবৃতি পাঠ শেষ হওয়ার পর হেলে লিং প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে প্রধানমন্ত্রী কেন প্রশ্ন নিতে চান না।
পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমবিষয়ক সচিব সিবি জর্জের কাছেও বিষয়টি নিয়ে জানতে চান তিনি। ভারতের মানবাধিকার পরিস্থিতি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব না দেওয়ার বিষয়ে মোদীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন হেলে লিং। জবাবে সিবি জর্জ সরকারের কোভিড-১৯ মোকাবিলাসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
এদিকে ভিসা বাতিলের ঘটনায় বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন হেলে লিং। সেখানে শেষ মুহূর্তে তার ভিসা বাতিলের কারণ জানতে চান তিনি।
ঘটনাটি বিদেশি সাংবাদিকদের অংশগ্রহণ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: দ্য ওয়্যার।








