মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে দেশটিতে নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মিসর। বিষয়টি নিশ্চিত করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। তাঁর ভাষ্য, সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বদর আবদেলাত্তি। গতকাল সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হুথিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে প্রায় দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি সৌদি আরবে সেনা ও প্রতিরক্ষামূলক সহায়তা পাঠানোর একটি প্রস্তাব পার্লামেন্টে উপস্থাপন করেন। পর্যালোচনার পর আইনপ্রণেতারা এতে অনুমোদন দিয়েছেন।
তিনি আরও বলেন, সৌদি সামরিক বাহিনীকে সহযোগিতা করতে মিসরের কয়েকজন সেনা কর্মকর্তা আগে থেকেই দেশটিতে অবস্থান করছিলেন। নতুন সেনা মোতায়েনের ফলে হুথি বিদ্রোহীদের হামলা প্রতিরোধে সৌদি বাহিনীর সক্ষমতা বাড়বে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে বদর আবদেলাত্তি বলেন, “সৌদি আরবের ভাই-বোনদের অনুরোধে আমাদের সামরিক উপস্থিতি সেখানে রয়েছে এবং আমরা তা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি।”
মিসরের এই সামরিক সহায়তা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এসব এলাকার মধ্যে মক্কা ও মদিনার মতো ইসলামের পবিত্র স্থানও রয়েছে।
বিজ্ঞাপন
তবে সৌদি আরবে কতসংখ্যক সেনা পাঠানো হবে কিংবা এই মোতায়েনের পরিধি কতটা বিস্তৃত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বার্তা সংস্থা এএফপিকে মিসরের কয়েকজন আইনপ্রণেতা জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
অন্যদিকে, সৌদি সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, হুথি বিদ্রোহীরা মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। তবে হুথি গোষ্ঠী এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মিসরের সামরিক সহায়তার সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে মন্তব্য করেছিলেন হুথি আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি। প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় তাঁর এ বক্তব্য সামনে আসে।
বিজ্ঞাপন
তবে বদর আবদেলাত্তি স্পষ্ট করেছেন, মিসরের সেনা মোতায়েনের লক্ষ্য সৌদি আরবের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানো। কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়।
সূত্র: মিডলইস্ট মনিটর








