Logo

বিক্ষোভে উত্তাল ইতালি, রাজপথে হাজারো মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬, ১৪:২৯
বিক্ষোভে উত্তাল ইতালি, রাজপথে হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

গত সপ্তাহের সহিংস সংঘর্ষের পর কঠোর নিরাপত্তাব্যবস্থা ও ব্যাপক দমন-পীড়নের মধ্যেও ইতালির বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবারের (২৪ অক্টোবর) এসব কর্মসূচিকে ঘিরে কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোম, তুরিন ও বোলোনিয়ায় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করে আটটি শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে ইতালির সংবাদ সংস্থা আনসার বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

আনসার প্রতিবেদনে বলা হয়েছে, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

বিজ্ঞাপন

রাজধানী রোমেও মিছিল চলাকালে বোতল ছোড়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

বোলোনিয়ায় বিক্ষোভকারীদের বোতল ও পটকা নিক্ষেপের পর পুলিশ তাদের পিছু হটিয়ে দেয়। অন্যদিকে মিলান ও ফ্লোরেন্সেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব শহরের কেন্দ্রীয় এলাকার কয়েকটি অংশে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংসতার তদন্তে ইতালির বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। মিলান, পার্শ্ববর্তী শহর মনজা এবং আরও ২০টি শহরে দেড় শতাধিক স্থানে এই অভিযান পরিচালিত হয়।

আনসার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে হুমকি দেওয়া, তাদের ওপর হামলার পরিকল্পনা, যানবাহনের ক্ষতিসাধন এবং ভবনে আগুন দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এসব তল্লাশি চালানো হয়েছে।

ইতালির বার্তা সংস্থা আনসার বরাতে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, পুলিশ ভারসাম্য ও পেশাদারত্বের সঙ্গে সহিংসতায় জড়িত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইতালিতে যারা মনে করে দায়মুক্তি নিয়ে কাজ করতে পারবে, তাদের কোনো জায়গা নেই।

বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, গ্রেপ্তার এবং তদন্তের অংশ হিসেবে ব্যাপক তল্লাশির মধ্য দিয়ে দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD