Logo

ইরান-রাশিয়ার ঘনিষ্ঠতা আরও বাড়ছে, বৈঠকে বসছেন ২ প্রেসিডেন্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, ১৯:৫২
ইরান-রাশিয়ার ঘনিষ্ঠতা আরও বাড়ছে, বৈঠকে বসছেন ২ প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে অংশ নিতে রাশিয়া সফর করবেন তিনি। ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে যোগ দিতে মস্কো যাবেন পেজেশকিয়ান।

জালালি জানান, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ দুটি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরেও দুই দেশের কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৩ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, আগামী সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে তেহরান ও মস্কোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরান সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওই সফরে আরাগচি দুই দেশের সহযোগিতাকে আগের যেকোনো সময়ের তুলনায় ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন।

এদিকে, ইরানকে ঘিরে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। অক্টোবরের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত মস্কো।

অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা কয়েক মাস ধরে স্থবির রয়েছে। এর মধ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে পুতিন ও পেজেশকিয়ানের আসন্ন বৈঠক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD