নবনির্মিত সেতু পেরিয়ে হুট করেই চীনে কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন সেতু পেরিয়ে চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে পৌঁছেছেন। শনিবার (২৪ অক্টোবর) তাঁর এই সফরের তথ্য দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এ সময় চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ইয়ালু নদীর ওপর নির্মিত নতুন সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর প্রায় এক সপ্তাহ পর কিমের এই সফর অনুষ্ঠিত হলো। ২০১৪ সালে সেতুটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক ও শুল্কসংক্রান্ত অবকাঠামো প্রস্তুত না থাকায় এত দিন এটি চালু করা সম্ভব হয়নি।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ চার লেনের এই সেতু দুই দেশের মধ্যে যোগাযোগ ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেতুটি চালুর ফলে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এর ওপর দিয়ে দিনরাত পণ্যবাহী কনটেইনার ও ভারী যানবাহন চলাচল করতে পারবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সীমান্তবর্তী শহর দানদংয়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মোকাবিলায় কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন কিম। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। একই সঙ্গে দেশটি পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থক হিসেবে পরিচিত।
অন্যদিকে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও নিবিড় হয়েছে। ফলে চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগ এবং সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে বিজয় দিবসের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে চীন সফর করেছিলেন কিম জং উন। চলতি বছরের জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়া সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, নির্মাণ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সূত্র: আল জাজিরা








