ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক জনসভায় তিনি বলেন, “আমরা হয়তো আরেকটি ছোট এপিক ফিউরি করব।” তাঁর এ বক্তব্যের পর নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন এপিক ফিউরি’। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর সংঘাত ছড়িয়ে পড়ে। তবে নতুন সামরিক অভিযানের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার জনসভায় ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে সংঘাত দ্রুত শেষ করা হবে, নাকি ধীরে ধীরে পরিস্থিতির অবসান ঘটতে দেওয়া হবে—সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
এর আগে চলতি মাসে ট্রাম্প বলেছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। তবে তাঁর সাম্প্রতিক বক্তব্যে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা সামনে এসেছে।
বিজ্ঞাপন
এদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাত আবার শুরু হলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পারস্য উপসাগর অঞ্চলে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগ কেবল লক্ষ্য করে হামলার পরিকল্পনাও করেছে তেহরান। এসব কেবলের মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ পরিচালিত হয়। তবে সম্ভাব্য হামলার স্থান ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বিজ্ঞাপন
জনসভায় ট্রাম্প ইরান-সংক্রান্ত সংঘাতের পর কিউবা নিয়ে পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরান থেকে ফেরার পর যুক্তরাষ্ট্র কিউবার বিষয়টি দেখবে। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠিয়ে চুক্তি চূড়ান্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের বক্তব্যে ইরান ও কিউবা—দুই দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে ইরানে সম্ভাব্য সামরিক অভিযান কিংবা কিউবার সঙ্গে চুক্তির বিষয়ে এখনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স








