Logo

পুলিশ সদস্যদের সামনেই নারী চিকিৎসককে থাপ্পড়, ভিডিও ভাইরাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, ১৩:৩৯
পুলিশ সদস্যদের সামনেই নারী চিকিৎসককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পুলিশ সদস্যদের উপস্থিতিতেই এক নারী চিকিৎসককে চড় মারার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চিকিৎসকদের নিরাপত্তা এবং ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযুক্তের শাস্তি ও পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন সরকারি চিকিৎসকেরা।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে তলেগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গেশ ভোয়ার জানান, গত বুধবার (২১ অক্টোবর) মহারাষ্ট্রের আষ্টি তালুকের তলেগাঁও শ্যামজী পান্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে। সেদিন কাদির আলী নামের এক অভিযুক্তকে চিকিৎসা পরীক্ষার জন্য পাঁচ সদস্যের একটি পুলিশ দল ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

পরীক্ষা চলাকালে কাদির আলী কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধা ভূমড়েকে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ সদস্যদের উপস্থিতিতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামেন সরকারি চিকিৎসকেরা। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পাঁচ পুলিশ সদস্যের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। চিকিৎসকদের দাবি, কর্মস্থলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ ধরনের হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনায় কাদির আলীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ নম্বর ধারা এবং মহারাষ্ট্রের চিকিৎসাসেবা-সংক্রান্ত আইনের অধীনে মামলা করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ভারতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। গত জুলাইয়ে শাস্ত্রী নগর হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে শিবসেনার কাউন্সিলর রমেশ মাত্রের বিরুদ্ধে। ওই ঘটনায় তাঁর জামিন বাতিল করে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ পর্যবেক্ষণ দেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না।

এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর পালঘরে হাসপাতালের কর্মীদের ওপর হামলার অভিযোগে শিবসেনার ১৭ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

ওয়ার্ধার এ ঘটনা আবারও চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা এবং দায়িত্ব পালনের সময় তাঁদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে পুলিশ সদস্যদের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটার অভিযোগ ওঠায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস নাউ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD