Logo

ভালোবাসার আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, ১৩:১৮
ভালোবাসার আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভালোবাসার সাধারণ একটি আলিঙ্গন যে হাড় ভাঙার মতো গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে, তা হয়তো কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর স্বাভাবিকভাবে জড়িয়ে ধরার পরই স্ত্রীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙে যায়। এ ছাড়া আরও একটি পাঁজরে চিড় ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষায় ওই নারীর তীব্র হাড়ক্ষয় রোগ ধরা পড়ে।

বিজ্ঞাপন

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগছে বলে স্ত্রী জানানোর পর তাঁকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেন ওয়াং পদবির এক ব্যক্তি। কিন্তু আলিঙ্গনের সময়ই হাড় ভাঙার শব্দ শুনতে পান তিনি। পরে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র ব্যথায় কাতর হয়ে ওই নারী সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন।

স্বামীর দাবি, স্ত্রীকে জড়িয়ে ধরার সময় তিনি অতিরিক্ত কোনো শক্তি প্রয়োগ করেননি। স্বাভাবিকভাবেই আলিঙ্গন করেছিলেন। এমন সাধারণ একটি ঘটনায় এত গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে, তা বুঝতে পারেননি তাঁরা। ফলে ওই নারী সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করেন। পরদিন সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙে গেছে। ষষ্ঠ পাঁজরেও চিড় ধরেছে। পরীক্ষার ফলাফলে তাঁর হাড়ের অস্বাভাবিক দুর্বলতার বিষয়টি সামনে আসে।

চিকিৎসকদের বরাতে ওয়াং জানান, তাঁর স্ত্রীর হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে যাওয়ার মূল কারণ হাড়ক্ষয় রোগ। তাঁর স্ত্রীর ওজন ৪৫ থেকে ৫০ কেজি। তিনি অতিরিক্ত মাত্রায় ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার খাওয়া বাদ দিতেন। পাশাপাশি সূর্যের আলোর সংস্পর্শেও খুব একটা আসতেন না। বাড়ি থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে থাকা পারিবারিক দোকানেই তাঁর বেশির ভাগ সময় কাটত।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞ ইয়ান ইয়ানসিয়াং বলেন, সাধারণত তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ওই নারীর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে হাড়ের অস্বাভাবিক দুর্বলতার গভীর সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পাঁজরের হাড় এভাবে ভেঙে গেলেও ফুসফুস বা ফুসফুসের আবরণে কোনো জটিলতা তৈরি না হলে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। এ কারণে ওই নারীকে অস্ত্রোপচার না করে ওষুধ, বিশেষ প্যাচ এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ একটি আলিঙ্গনের পর এমন গুরুতর আঘাতের ঘটনা ওই নারীর হাড়ের ভঙ্গুর অবস্থা এবং জীবনযাত্রার প্রভাবকে সামনে এনেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD