Logo

৮ ফুট উঁচু ঢেউয়ের মধ্যে ১৬ জনকে বাঁচালেন তরুণ উদ্ধারকর্মী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, ১৩:২৫
৮ ফুট উঁচু ঢেউয়ের মধ্যে ১৬ জনকে বাঁচালেন তরুণ উদ্ধারকর্মী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে নৌকা ডুবে বিপদে পড়েন ২৭ জনেরও বেশি মানুষ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ৬ থেকে ৮ ফুট উঁচু ঢেউ আর হাড়কাঁপানো ঠান্ডা পানি। এমন প্রতিকূল পরিস্থিতিতে সাগরে নেমে ১৬ জনকে জীবিত উদ্ধার করেন যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর ২৪ বছর বয়সী উদ্ধারকর্মী জশ ল। তবে নিখোঁজ ১১ জনের সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

গত ১৬ অক্টোবর ভোররাতে প্রায় দুই ঘণ্টা ধরে চলে উদ্ধার অভিযান। পরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে টানা দুই দিন তল্লাশি চালিয়েও কোনো খোঁজ না পাওয়ায় অভিযান বন্ধ করে দেয় উপকূলরক্ষী বাহিনী।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরায় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে রাত ১টার দিকে ডুবন্ত নৌকা থেকে বিপৎসংকেত আসে। খবর পেয়ে উদ্ধারকর্মীদের একটি দল হেলিকপ্টারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। হেলিকপ্টারের চালক মিয়াকো মিলার রাতের অন্ধকারে আকাশের তারা ও বিশেষ নাইট-ভিশন চশমার সাহায্যে পথ খুঁজে নেন।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল পানিতে ভাসমান ধ্বংসাবশেষ ও ক্ষীণ আলো দেখতে পায়। এরপর হেলিকপ্টারটি পানির প্রায় ১২ মিটার ওপরে স্থির রেখে দড়ির সাহায্যে উদ্ধারকর্মী জশ লকে সাগরে নামানো হয়।

বিজ্ঞাপন

প্রচণ্ড ঢেউ ও হেলিকপ্টারের পাখার বাতাসে সৃষ্ট অস্থির পানির মধ্যে লকে একের পর এক বিপদগ্রস্ত মানুষের কাছে সাঁতরে যেতে হয়। তাঁদের কেউ জীবনরক্ষাকারী জ্যাকেট পরে ছিলেন, আবার কেউ একে অপরকে কিংবা ভাসমান ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিলেন।

জশ ল বিপদে পড়া ব্যক্তিদের শরীর ঘুরিয়ে পিঠের ওপর ভাসিয়ে নিজের হাতে ধরে টেনে নিয়ে আসেন। পরে তাঁদের বিশেষ উদ্ধার-ঝুড়িতে তুলে দড়ির সাহায্যে হেলিকপ্টারে তোলা হয়। এভাবে একে একে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার অভিযানের সময় লর পোশাকের ভেতরেও পানি ঢুকে হাঁটু পর্যন্ত ভিজে যায়। এতে তাঁর সাঁতার কাটা আরও কঠিন হয়ে পড়ে। ক্লান্তি সত্ত্বেও বিপদে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হেলিকপ্টারের জ্বালানি কমে আসায় উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে দলটি সান দিয়েগোর উপকূলরক্ষী ঘাঁটিতে ফিরে যায়। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল। যাত্রাপথে ল তিনজন আহত ব্যক্তির রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। উপকূলরক্ষী বাহিনী জানায়, কয়েকজনের শরীরে হাঙরের কামড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষত ছিল।

মেক্সিকোর কনস্যুলেট জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই মেক্সিকোর নাগরিক। তাঁদের মধ্যে প্রায় অর্ধেককে পরে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছে। নৌকাটি কোথা থেকে এসেছিল এবং কী কারণে এত দূরে সাগরে গিয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নৌকাটি মানব পাচারের কাজে ব্যবহৃত হয়েছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী, মেক্সিকো ও মার্কিন নৌবাহিনী যৌথভাবে ৮৯ ঘণ্টা ধরে প্রায় ৬ হাজার ৩২২ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালায়। তবে নিখোঁজদের কারও সন্ধান পাওয়া যায়নি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD